|

গাঙ্গেয় অববাহিকার নিম্নাঞ্চলে অবস্থিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। এর আয়তন ৩,৪০৩.৪৮ বর্গ কিলোমিটার। উত্তর পশ্চিমে বরিশাল, উত্তর পূর্বে লক্ষ্মীপুর, পূর্বে নোয়াখালী জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পটুয়াখালী জেলা ও তেঁতুলিয়া নদী। সমুদ্র সমতল থেকে এর গড় উচ্চতা প্রায় ১২ ফুট । মেঘনা তেঁতুলিয়া বিধৌত বঙ্গোপসাগরের উপকূলে জেগে উঠা প্রায় ৯০ মাইল দৈর্ঘ্য ও ২৫ মাইল প্রস্থবিশিষ্ট এ ভূ-খন্ডে প্রধানত ধান, সুপারি ও নারিকেল উৎপাদিত হয়। এ নৈস্বর্গিক দ্বীপ জেলায় মূল্যবান প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ দেশের জন্য আশানুরূপ সুফল বয়ে আনার প্রত্যাশা রাখে । ভোলার মেঘনা তেঁতুলিয়ায় উৎপাদিত রূপালী ইলিশ এ অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় এমনকি বিদেশেও রপ্তানী করা হচ্ছে । এ ছাড়াও রয়েছে অনিন্দ্য সুন্দর দৃশ্য সম্বলিত চর কুকরী মুকরী, ঢালচর, লতার চর ও চর নিজামসহ বহু চর যা হতে পারে পর্যটনের জন্য আকর্ষনীয় স্থান। তথ্য প্রযুক্তির যুগে সেবার মান, প্রশাসনের গতিশীলতা এবং অবাধ তথ্য প্রবাহের জন্য জেলা প্রশাসন এ ওয়েব সাইট খোলার উদ্যোগ নিয়েছে। আশা করি এ জেলার অধিবাসী, তথা সাধারন জনগণ এতে অনেক উপকৃত হবেন। |
|